মানিকগঞ্জে গৃহবধূর মৃত্যু চারজন গ্রেপ্তার
মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলুন্ডি গ্রামে গত মঙ্গলবার লিপি আক্তার (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় লিপির স্বামী বাবুল হোসেনসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ঘিওর থানায় হত্যা মামলা করেছেন লিপির বাবা হারেজ দেওয়ান। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, লিপির শাশুড়ি বানু, দেবর বজলু ও ফজল, ননদ নাসিরুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামী বাবুল ও শ্বশুর নঈমুদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি বলেন, নির্যাতনের কারণে লিপির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ঘিওর থানার পুলিশ ও নিহত গৃহবধূর বাবার বাড়ি সূত্রে জানা গেছে, সাত মাস আগে বাবুলের সঙ্গে পাশের শিবালয় উপজেলার তাড়াইল গ্রামের লিপির বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে দুই লাখ টাকা দেওয়া হয়। তখন একটি মোটরসাইকেল দেওয়ার কথা থাকলেও মেয়ের বাবা তা দিতে পারেননি। ওই মোটরসাইকেলের জন্য লিপিকে প্রায়ই নির্যাতন করা হতো। সোমবার রাতে এ নিয়ে লিপির সঙ্গে বাবুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে লিপির ওপর বাবুল নির্যাতন চালালে তিনি অচেতন হয়ে পড়েন। লিপির মামা মিজানুর রহমান জানান, মঙ্গলবার লিপির অবস্থার অবনতি হলে শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিষয়টি তাঁদের জানানো হয়। খবর পেয়ে তাঁরা মুমূর্ষু অবস্থায় মঙ্গলবার লিপিকে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় লিপি মারা যান।