মানিকগঞ্জে গ্যাসের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে এক সপ্তাহ ধরে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আবাসিক গ্রাহকেরা। স্থানীয় সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের চাপ না থাকায় যানবাহনে ঠিকমতো গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মানিকগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ১২ হাজারের বেশি আবাসিক, ২২০টি বাণিজ্যিক, ৬৪টি শিল্প ও ১৭টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস-সংযোগ রয়েছে। ঢাকার সাভারের আশুলিয়া থেকে সঞ্চালন পাইপের মাধ্যমে মানিকগঞ্জে গ্যাস সরবরাহ করা হয়। আশুলিয়া, সাভার ও ধামরাইয়ে বিভিন্ন কারখানা ও আবাসিক চাহিদা মেটানোর পর অবশিষ্ট গ্যাস মানিকগঞ্জে সরবরাহ করা হয়। এ কারণে মানিকগঞ্জে গ্যাসের চাপ কম।

জেলা শহরের গঙ্গাধরপট্টি এলাকার বাসিন্দা কলেজশিক্ষক সাইফুদ্দিন আহমেদ বলেন, এক সপ্তাহ ধরে প্রায়ই সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত ও রাত আটটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গ্যাস থাকে না। এতে রান্না ও গৃহস্থালির কাজের জন্য বাড়তি টাকা খরচ করে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে।

শহরের বান্দুটিয়া এলাকার গৃহিণী আফরোজা আক্তার বলেন, সময়মতো গ্যাস পাওয়া যায় না। এতে পরিবারের জন্য রান্না, বাচ্চাদের জন্য পানি গরমসহ গৃহস্থালির অন্যান্য কাজে মারাত্মক সমস্যা হচ্ছে।

মানিকগঞ্জ পৌর এলাকার পূর্ব দাশড়া এলাকার এনজিও কর্মী শাহিনুর রহমান বলেন, ‘গ্যাস পাচ্ছি, তবে সেটা সঞ্চালন পাইপ থেকে নয়; বাড়তি টাকা খরচ করে সিলিন্ডার কিনে গ্যাস ব্যবহার করতে হচ্ছে।’ তিনি বলেন, গ্যাস-সংকট দেখা দিলেই এলপি (সিলিন্ডার) গ্যাসেরও দাম বাড়ে। এ বিষয়ে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।

গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার ভাটবাউর এলাকার মেসার্স গুডলাক সিএনজি ফিলিং স্টেশন ও মেসার্স রহমান সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। গ্যাসের জন্য এসব যানবাহনের চালক ও সহকারীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে দেখা যায়। বেলা দুইটার দিকে কথা হয় গুডলাক সিএনজি স্টেশনে গ্যাস নিতে আসা যাত্রীবাহী বাসের চালক ফরিদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘বেলা একটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু গ্যাস না থাকায় এহনও (বেলা দুইটা) গ্যাস নিতে পারি নাই। দিনে যাওয়া-আসায় গাড়ির ছয় ট্রিপ দেই। গ্যাস না পাওয়ায় এহন চার ট্রিপও দেয়ন যায় না।’ সিএনজি স্টেশনের মালিক সিরাজুল ইসলাম বলেন, গ্যাসের চাপ নেই বললেই চলে। এভাবে চলতে থাকলে স্টেশনটি বন্ধ করা ছাড়া উপায় নেই।

 এর আগে সকালে জেলা শহরের পূর্ব দাশড়া এলাকার কয়েকটি বাসাবাড়িতে গিয়ে কেরোসিনের চুলা, আবার কাউকে লাকড়ির চুল বা সিলিন্ডারের গ্যাসে রান্না করতে দেখা যায়। সাফিয়া বেগম নামের এক ‍গৃহবধূ বলেন, ‘গ্যাসের বিল তো ঠিক মতোনই দেই, কিন্তু গ্যাস তো পাই না।’

তিতাসের টেকনিশিয়ান মঞ্জুরুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে ১০টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে নির্দেশনা রয়েছে। তবে সিএনজি স্টেশনের মালিকেরা তা মানছেন না। এ কারণে আবাসিক গ্রাহকদের গ্যাসের সংকট বেড়েছে।

মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা বলেন, ‘নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে পৌরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। গ্যাসের সংকট কয়েক মাস কম ছিল। এখন আবার সেই সংকট দেখা দিয়েছে।’

যোগাযোগ করা হলে তিতাসের মানিকগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক রতন চন্দ্র দে বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চাহিদা পূরণে গ্যাস সরবরাহের কারণে সারা দেশের মতো মানিকগঞ্জেও গ্যাসের সংকট চলছে। এ ছাড়া শতভাগ গ্যাস ব্যবহার করে সার উৎপাদন করছে যমুনা ফার্টিলাইজার। তবে গতকাল থেকে ওই কারখানায় ৬৫ শতাংশ গ্যাস ব্যবহার করা হচ্ছে। আগামী দু-তিন দিনের মধ্যে জেলায় গ্যাসের সংকট অনেকটা কমে যাবে।