মানিকগঞ্জে গ্যাসের দাবিতে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মানিকগঞ্জে আন্দোলন অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন মানিকগঞ্জ পৌরবাসী। সাত দিনের মধ্যে নিরবচ্ছিন্ন গ্যাস না পেলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের করার ঘোষণা দেন তাঁরা।
একই দাবিতে গত সোমবার ও ৮ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেন পৌরবাসী। তবে গ্যাস-সংকটের সমাধান হয়নি।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী নাগরিকেরা জানান, গতকাল বেলা ১১টার দিকে ‘গ্যাস প্রাপ্তি নাগরিক সংগ্রাম কমিটি’র ব্যানারে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানের লোকজন অংশ নেন। এতে গ্যাস প্রাপ্তি নাগরিক সংগ্রাম কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদার সভাপতিত্বে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. ইকবাল হোসেন খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর রতন মজুমদার ও করবী আহমেদ, নাগরিক সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সামসুন্নবী তুলিপ, সুভাষ সরকার, নারীনেত্রী রীনা আক্তার ও সাবিহা হাবিব। পরে বিক্ষুব্ধ পৌরবাসী শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
বক্তারা অভিযোগ করেন, ঢাকার সাভার থেকে মানিকগঞ্জের সঞ্চালন পাইপে গ্যাসের চাপ কমিয়ে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন কারখানায় গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া মানিকগঞ্জে সিএনজি স্টেশনগুলো থেকে সিলিন্ডারে গ্যাস ভরে স্থানীয় বিভিন্ন কারখানায় সরবরাহ করা হচ্ছে। এসব কারণে মানিকগঞ্জে বাসা-বাড়িতে চরম গ্যাস-সংকট সৃষ্টি হয়েছে। সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধান না করা হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে।
এ ব্যাপারে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকার আশপাশে যেসব স্থানে গ্যাসের চাপ বেশি, সেখান থেকে প্রয়োজনীয় ও সুবিধামতো গ্যাস এনে মানিকগঞ্জে সরবরাহ করা হবে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই কাজ শুরু হয়ে যাবে।