মানিকগঞ্জে গ্যাসের দাবিতে ঝাড়ুমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে গতকাল সোমবার সকালে ঝাড়ুমিছিল ও সমাবেশ করে মানিকগঞ্জ পৌরবাসী।
এর আগে একই দাবিতে ৮ সেপ্টেম্বর স্থানীয়রা মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কার্যালয় ঘেরাও করে। তখন তিতাসের কর্মকর্তারা এক সপ্তাহের মধ্যে গ্যাস-সংকট সমাধানের আশ্বাস দেন। নির্ধারিত সময়ে সমাধান না হওয়ায় ক্ষুব্ধ পৌরবাসী এই কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শী অনেকে জানান, বিভিন্ন বয়সী শতাধিক নারী ও পুরুষ গতকাল সকাল ১০টার দিকে পৌর এলাকার দাশড়া থেকে ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল: নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ ও ঘেরাও সমাবেশ, মানিকগঞ্জ পৌরবাসী। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে শহরের খালপাড় এলাকায় যায়। বেলা সাড়ে ১০টার দিকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ পৌরবাসী। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশের অনুরোধে বেলা পৌনে ১১টার দিকে তারা সেখান থেকে উঠে আবার মিছিল করে। মিছিল শেষে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে সমাবেশ করা হয়।
এ সময় বক্তব্য দেন নজরুল হুদা, লাল মিয়া, মঞ্জু চক্রবর্তীসহ বেশ কয়েকজন পৌরবাসী। বক্তারা বলেন, মানিকগঞ্জ পৌর এলাকার সর্বত্রই আবাসিক গ্যাসের চরম সংকট চলছে। গভীর রাতে এক-দুই ঘণ্টা কোনো রকমে গ্যাস থাকলেও বাকি সময় পাওয়া যায় না। গ্যাস না থাকায় রান্নাসহ দৈনন্দিন কাজে চরম বিঘ্ন ঘটছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
তিতাসের মানিকগঞ্জ কার্যালয়ের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে।