হাইকোর্টের নির্দেশ অমান্য করে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউরে ভাগাড় নির্মাণের কাজ অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ। গতকাল রোববারও ভাগাড় নির্মাণের জন্য দুটি যন্ত্র দিয়ে মাটি কাটা হয়েছে।গত ২৬ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ আগামী ছয় সপ্তাহের জন্য ভাগাড় নির্মাণ কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন। একই সঙ্গে ভাগাড়টি নির্মাণ কেন বন্ধ করা হবে না, কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। সদর উপজেলার মুলজান গ্রামের আক্কাস আলীর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেন। রিট আবেদনকারী আক্কাস আলী বলেন, যে স্থানে ভাগাড় নির্মাণ করা হচ্ছে সেটি ফসলি জমি। এ ছাড়া ভাগাড়টি নির্মাণ করা হলে এর আশপাশের কয়েকটি গ্রাম মানুষের বসবাস-অনুপযোগী হয়ে পড়বে। এ ছাড়া পরিবেশ-ছাড়পত্র ছাড়া ভাগারটি নির্মাণ করা হচ্ছে। সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউরে ২০১০ সালে ২ দশমিক ৪ একর ফসলি জমি অধিগ্রহণ করে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ ভাগাড় নির্মাণের উদ্যোগ নেয়। ভাগাড় নির্মাণের জন্য জমি অধিগ্রহণের পর থেকেই এলাকাবাসী এর বিরোধিতা করে আসছে। ভাগাড় নির্মাণের প্রতিবাদে তারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। হাইকোর্টের আদেশ থাকা সত্ত্বেও গতকাল সকালেও ভাগার নির্মাণের জন্য দুটি ভেকু দিয়ে মাটি কাটা হচ্ছিল। মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল মুঠোফোনে বলেন, ৩ মে হাইকোর্টের আদেশের অনুলিপি তিনি পেয়েছেন। এর পরপরই কাজ বন্ধ রাখার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু আজও (রোববার, ৬ মে) ভাগাড় নির্মাণ কাজ চলছে—জানালে তিনি বলেন, ‘চলছে নাকি! এখনই খোঁজখবর নিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে।’ তবে বিকেলেও ভাগাড় নির্মাণের কাজ চলেছে বলে স্থানীয় সূত্র জানায়।