মানিকগঞ্জে চার সাংবাদিকের ওপর হামলা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নওগাঁও গ্রামে গতকাল বৃহস্পতিবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় প্রভাশালীদের হামলার শিকার হয়েছেন প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধিসহ চারজন সাংবাদিক। স্থানীয় সূত্র জানায়, মাস দুয়েক আগে নওগাঁও গ্রামের ধীনেশ চন্দ্র নামের এক যুবককে এক স্কুলছাত্রী পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় গত বুধবার স্থানীয় আজু মাতব্বরের বাড়িতে সালিস বসে। সালিসে ওই স্কুলছাত্রীকে ১০১টি দোররা মারা হয়। এ ছাড়া ওই মেয়ের পরিবারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। স্থানীয় দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রাজ্জাক, গ্রাম্য মাতব্বর বাবুল হোসেন, আবদুস সাত্তার, বাচ্চু মিয়া ও তুলু হোসেন এই শাস্তি ও জরিমানা করেন। বিষয়টি জানার পর গতকাল বেলা তিনটার দিকে প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি মঞ্জুর রহমান, ইনকিলাব-এর সাটুরিয়া উপজেলা প্রতিনিধি সোহেল রানা ও ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি মোতালেব হোসেন সংবাদ সংগ্রহের জন্য ওই ছাত্রীর বাড়িতে যান। তাঁরা ওই ছাত্রীর চাচার সঙ্গে কথা বলার একপর্যায়ে ইউপি সদস্য আবদুর রাজ্জাকের ছেলে মো. শিপলু, মৃত রমজান আলীর ছেলে শফিকুল ইসলাম, শিপলুর বন্ধু সোহরাব হোসেনসহ ২৫-৩০ জন যুবক সেখানে গিয়ে সংবাদিকদের ওপর হামলা চালান। এ সময় তাঁরা সাংবাদিক আব্দুল মোমিন ও মঞ্জুর রহমানকে কিলঘুষি মারতে থাকেন। তখন অন্য সাংবাদিকেরা এতে বাধা দিলে তাঁদেরও লাঞ্ছিত করা হয়। সাংবাদিক মোতালেব হোসেনের কাছ থেকে একটি ক্যামেরা ছিনিয়ে নেন হামলাকারীরা। এরপর তাঁরা সাংবাদিকদের সোহরাবের বাড়িতে নিয়ে আটকে রাখেন। ঘণ্টা খানেক আটকে রাখার পর সংবাদ না করার শর্তে তাঁদের ছেড়ে দেওয়া হয়।ঘটনাটি মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়াকে জানানো হলে সন্ধ্যায় জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।এ ঘটনায় গতকালই প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন সাটুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তিনি বলেন, সাংবাদিকদের মারধর এবং তাঁদের পেশাগত দায়িত্বে বাধা দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নূরতাজ আলম ও সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি সাব্বিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী এবং প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন হামলার তীব্র নিন্দা জানিয়ে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান।