মানিকগঞ্জে চারটিতেই আ.লীগ সমর্থকদের পরাজয়ের নেপথ্যে
মানিকগঞ্জের চারটি উপজেলা পরিষদের সব কটিতেই আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা পরাজিত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
দলীয় কোন্দল, তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয়ের অভাব, প্রার্থীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন বলে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গত বুধবার মানিকগঞ্জের সাটুরিয়া, শিবালয়, দৌলতপুর ও সিঙ্গাইর—এই চার উপজেলা পরিষদের নির্বাচন হয়। চারটিতেই চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন।
সাটুরিয়ায় চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী বশির উদ্দিন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদের চেয়ে এক হাজার ৭৭৬ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।
স্থানীয় ও দলীয় লোকজন জানান, আবদুল মজিদ এলাকায় আধিপত্য ধরে রাখতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। এ কারণে তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে তাঁর দূরত্ব দিনে দিনে বেড়ে যায়। তাঁর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সাধারণ ভোটার ও তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ে। এই বিষয়গুলো তাঁর পরাজয়ের নেপথ্য হিসেবে কাজ করেছে।
শিবালয়ে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আলী আকবর ছয় হাজার ৬৬৩ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আবদুর রহিম খানকে পরাজিত করেছেন। দলীয় লোকজন জানান, আওয়ামী লীগ থেকে আবদুর রহিমকে সমর্থন দেওয়া হলেও তিনি নিজেকে ভোটারদের কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাবি করতেন। বিষয়টি তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এতে সাধারণ ভোটাররাও পড়েন দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচন পরিচালনাকারী ব্যক্তিদের মধ্যে সমন্বয়হীনতা ও অগ্রহণযোগ্যতা তাঁর পরাজয়ের কারণ হিসেবে মনে করা হচ্ছে।
সিঙ্গাইরে বিএনপি-সমর্থিত প্রার্থী আবিদুর রহমান ১১ হাজার আট ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমানকে পরাজিত করেছেন। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদের ছেলে ফয়জুল ইসলামও মনোনয়ন কেনেন। পরে দলীয় চাপের মুখে তিনি তা দাখিল করেননি। তবে দলের অভ্যন্তরীণ কোন্দল রয়ে যায়। এ ছাড়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে উপজেলার গোবিন্দল বাজার এলাকায় পুলিশ, আওয়ামী লীগের নেতা-কর্মী ও গ্রামবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে স্থানীয় চার ব্যক্তি নিহত হন। এ বিষয়টিও আওয়ামী লীগের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। এসব কারণে মুশফিকুর রহমান পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
দৌলতপুরে বিএনপি-সমর্থিত প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেল হক ১৩ হাজার ৪৭২ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নূরুল ইসলামকে পরাজিত করেন। রাজনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি পারিবারিক ও ব্যক্তিগতভাবে এলাকায় তোজাম্মেল হকের ইতিবাচক ভূমিকা রয়েছে। আওয়ামী লীগের সমর্থক সাবেক চেয়ারম্যান আবদুল কাদেরের পরিবর্তে নূরুল ইসলামকে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়। এসব নিয়ে দলের মধ্যে দ্বন্দ্বও রয়েছে। মূলত এসব কারণ তাঁর পরাজয়ের নেপথ্য হিসেবে কাজ করেছে বলে দলীয় নেতা-কর্মী ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে।