মানিকগঞ্জে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে গত রোববার দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।
দুজনকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তবে ছাত্রদলের জেলা শাখার সভাপতি মাসুদ পারভেজের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ক্ষোভের জের ধরে বিএনপির জেলা শাখার যুগ্ম সম্পাদক মোতালেব হোসেন ও তোজামেঞ্চল হকের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে একটি মহল অপপ্রচার চালিয়েছে।
এ ব্যাপারে মোতালেব ও তোজামেঞ্চল বলেন, কমিটি গঠন নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বিএনপির কোনো নেতা জড়িত নন।
ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গত ৯ ফেব্রুয়ারি সাত সদস্যের মানিকগঞ্জ জেলা কমিটি ঘোষণা করে। ১০ অক্টোবর জেলা ছাত্রদলের ১৫৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করা হলেও তা ঘোষণা করা হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা দুপুর ১২টার দিকে শহরের হালিম চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ রফিক সড়কের দিকে এগোতে থাকেন। একই সময় শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে খালপাড়ের দিতে যেতে থাকেন নবগঠিত কমিটির নেতা-কর্মীরা। দুটি মিছিল জেলা প্রশাসকের বাসভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে শাহরিয়ার রহমান ও মো. রাব্বিসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রদলের জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আওলাদ হোসেন প্রথম আলোকে বলেন, ছাত্রদলের নবগঠিত কমিটিতে অছাত্র ও সন্ত্রাসীরা স্থান পেয়েছে। যোগ্য ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে এই কমিটি করা হয়েছে। এটি গ্রহণযোগ্য নয়।
তবে সভাপতি মাসুদ পারভেজ বলেন, কেন্দ্রীয় সংসদের নির্দেশেই যোগ্য ও পরীক্ষিতদের দিয়েই ছাত্রদলের জেলা কমিটি গঠন করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হক গতকাল সোমবার বিকেলে বলেন, ছাত্রদলের নবগঠিত ও পদবঞ্চিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি।