মানিকগঞ্জে জমাটবাঁধা সার নিয়ে বিপাকে ডিলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) থেকে সরবরাহ করা জমাটবাঁধা ইউরিয়া সার নিয়ে বিপাকে পড়েছেন মানিকগঞ্জের ডিলাররা। এসব সার ব্যবহারে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে বলে কৃষক ও সারের ডিলাররা আশঙ্কা করছেন।
জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে সাতটি উপজেলায় ৬৯ জন সারের ডিলার রয়েছেন। গত বছর বিসিআইসি থেকে ৩৫ হাজার ৫০০ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ পান জেলার ডিলাররা। এ বছর ৪০ হাজার মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ চেয়ে বিসিআইসির কাছে আবেদন করা হয়। এ বছরের অক্টোবরে পাঁচ হাজার মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ পেয়েছেন ডিলাররা। চলতি মাসের শুরুতে ডিলাররা পুনরায় ৬ হাজার ৪০৫ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ পান। তবে পরের বরাদ্দের মধ্যে প্রায় ৪১১ মেট্রিক টন ইউরিয়া জমাটবাঁধা।
সূত্র জানায়, এসব জমাটবাঁধা সার জেলার সাতটি উপজেলায় ডিলারদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলা ৫৯ দশমিক ৭৫ মেট্রিক টন, সাটুরিয়ায় ৩০ মেট্রিক টন, সিঙ্গাইরে ১৬০ মেট্রিক টন, ঘিওরে ৫৫ মেট্রিক টন, দৌলতপুরে ৩ মেট্রিক টন, শিবালয়ে ৬১ মেট্রিক টন ও হরিরামপুরে ৪২ মেট্রিক টন জমাটবাঁধা ইউরিয়া ডিলারদের গুদামে পড়ে আছে। শীত মৌসুমে সরিষা, ভুট্টা, আলু, পেঁয়াজ, গাজর ও বিভিন্ন সবজির আবাদ হয়। এ কারণে এখন সারের চাহিদাও বেশ। কিন্তু গুণগত মান না থাকায় জমাটবাঁধা এসব সার কৃষকেরা কিনতে চান না। এতে বিপাকে পড়েছেন ডিলাররা।
গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১১৫ মেট্রিক টন ইউরিয়া সরবরাহ করেছেন ঘিওর উপজেলার ডিলার শামসুল আলম। তিনি বলেন, এসব সারের মধ্যে ১৫ মেট্রিক টনই জমাটবাঁধা। ১০ বস্তা ভালো সারের সঙ্গে এক বস্তা জমাটবাঁধা ইউরিয়া বিক্রি করছেন তিনি। তবু কৃষকেরা তা নিতে চান না।
সদর উপজেলার ডিলার খবির উদ্দিন আহম্মেদ বলেন, অক্টোবরে তিনি ২ হাজার ৩৮০ বস্তা (প্রতি বস্তা ৫০ কেজি) ইউরিয়া পেয়েছেন। এর মধ্যে ৩২০ বস্তা জমাটবাঁধা। আর্থিক ক্ষতি কমাতে এসব জমাটবাঁধা ইউরিয়ার কিছু কিছু বিক্রি করা হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব জমাটবাঁধা সারের বিষয় নিয়ে সম্প্রতি জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের ডিলারদের নিয়ে মতবিনিময় সভায় এসব সার জমিতে ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হয়। এসব সার পুকুরে মাছ চাষে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরবর্তী সময়ে জমাটবাঁধা সার সরবরাহ নিষেধ করতে কৃষি মন্ত্রণালয় ও বিসিআইসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার সিদ্ধান্ত হয়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আলীমুজ্জামান মিয়া বলেন, জমাটবাঁধা ইউরিয়া সারের গুণগত মান না-ও থাকতে পারে। ফসলি জমিতে এসব সার ব্যবহার করা হলে আবাদে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়া জমাটবাঁধা ইউরিয়ার বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকলে বা অন্য কোনো কারণে নাইট্রোজেন অপসারণের ফলে ইউরিয়া সার জমাট বাঁধে।
জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক খান বলেন, জমাটবাঁধা ইউরিয়ার গুণগত মান কিছুটা হলেও কমে গেছে। এ কারণে এসব সার কৃষকেরা কিনতে চান না। এতে এসব সার নিয়ে ডিলাররা কেবল বিপাকেই নয়, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি এসব সার বিসিআইসি কর্তৃপক্ষকে ফেরত নেওয়ার দাবি জানান।
গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে বিসিআইসির চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।