মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে আহত ১৫
মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাগীর-দিঘুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সূত্রে পাওয়া ২৪ শতক জমি নিয়ে জাগীর-দিঘুলিয়া গ্রামের ছেতু মোল্লার সঙ্গে তাঁর ছোট ভাই আছালত মোল্লার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকাল ১০টার দিকে ছেতু মোল্লা ১৮-২০ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দেশি অস্ত্র, লাঠিসোঁটাসহ আছালতের ভাড়া দেওয়া একটি দোকানে হামলা চালান। এতে বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের লোকজন ভাড়াটিয়া গোলাপ খানের কাপড়ের দোকানে লুটপাট চালায়। সংঘর্ষের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় গোলাপ খান বাদী হয়ে সদর থানায় একটি লুটের মামলা করেছেন। মামলায় তিনি উল্লেখ করেন, ছেতু মোল্লার ভাড়াটে সন্ত্রাসীরা তাঁর দোকানের দুই লাখ টাকার মালামাল ও ৮৪ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।আহত ব্যক্তিদের মধ্যে রিয়ন খান (৫০), মোস্তফা কামাল (৩২), গোলাপ খান (৫০), ছেতু মোল্লা (৬০), হারুন (৪০), রনি (২০), মনির (১৮), মহর (১৮) ও কোরবান আলীকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অবস্থার অবনতি হলে মোস্তফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গাজী মিজানুর রহমান বলেন, এ ঘটনায় গোলাপ খান বাদী হয়ে থানায় লুটপাটের মামলা করেছেন।