মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে কৃষকের বাড়িতে আগুন
মানিকগঞ্জ সদর উপজেলার পাঁচ বারইল গ্রামে জমিসংক্রান্ত বিরোধে বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা এক কৃষকের ঘর পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মো. কাসেম আলী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বছর চারেক আগে পাঁচ বারইল গ্রামের আবদুল গণির কাছ থেকে ১৬ শতক জমি ক্রয় করে কাসেম দুটি টিনের ঘর নির্মাণ করেন। গত বুধবার রাত তিনটার দিকে দুর্বৃত্তরা একটি ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় অন্য ঘরে তিনি ও তাঁর স্ত্রী ছিলেন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘরটি পুড়ে যায়।কাসেম আলী জানান, ক্রয় করা ওই জমি নিয়ে গণির ভাই এলমেছ আলীর সঙ্গে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছে। তিন দিন আগে বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন এলমেছ। তিনি অভিযোগ করেন, এলমেছই তাঁর লোকজন নিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। ঘর ও এর ভেতরে রাখা বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে তাঁর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।