মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার গাঁড়াকল গ্রামে গতকাল শুক্রবার সকালে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের মধ্যে মোকসেদ বেপারী, ইসমাইল হোসেন, সোহেল রানা, আবদুর রশিদ, জিন্নত বেপারী, মো. শুকুর, জাহাঙ্গীর আলম, রহমত আলী, রূপচান বেপারী, সাইফুল ইসলাম ও আনোয়ার হোসেনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জায়গীর ইউনিয়নের গাঁড়াকল গ্রামে ১৬ শতক ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে চাচা রূপচান বেপারীর সঙ্গে ভাতিজা আবদুর রশিদের বিরোধ চলছিল। ওই জমি নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিসবৈঠকও হয়। সম্প্রতি ওই জমির মালিকানা দাবিতে আবদুর রশিদ আদালতে মামলাও করেন। বিরোধপূর্ণ ওই জমিতে রূপচান চাষাবাদ করে আসছেন।গতকাল শুক্রবার সকাল আটটার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে রশিদ লোকজন নিয়ে ধান বপন করতে গেলে রূপনচান এতে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে রূপচানের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে লাঠিসোঁটা ও দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।