মানিকগঞ্জে জামায়াতের মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ওই মিছিলের আয়োজন করা হয়। দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জামায়াতের জেলা আমির দেলোয়ার হোসাইনের নেতৃত্বে গতকাল বিকেল চারটার দিকে সরকারি মহিলা কলেজের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে তাতে হামলা চালান। এ ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আবদুল মজিদ অভিযোগ করেন, আবদুস সুবহানকে গ্রেপ্তারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মিছিল বের করা হয়েছিল। কিন্তু শান্তিপূর্ণ মিছিলে জেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হামলা চালানো হয়। এতে সাত-আটজন নেতা-কর্মী আহত হন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম বলেন, ‘মিছিলে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেওয়া হলে বাগিবতণ্ডার সৃষ্টি হয়।’ মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘মিছিল হওয়ার কথা শুনেছি, কিন্তু হামলার খবর পাইনি।’