মানিকগঞ্জে ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি
মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার বিকেলে ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা উপড়ে পড়ে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে প্রায় এক ঘণ্টা ফেরি ও লঞ্চসহ বিভিন্ন নৌযান বন্ধ থাকে। ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রচণ্ড ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে জেলা সদরসহ দৌলতপুর, শিবালয়, ঘিওর ও সাটুরিয়া উপজেলায় বোরো ধান, ভুট্টা, গমসহ বিভিন্ন ফসল ও আমের ব্যাপক ক্ষতি হয়। কয়েকটি কাঁচা ঘরও বিধ্বস্ত হয়েছে।
সদর উপজেলার দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার উদ্দিন জানান, শিলাবৃষ্টিতে ইউনিয়নের কয়েকটি গ্রামের ভুট্টা ও বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ঢাকা-আরিচা মহাসড়কে
জেলার বেশ কয়েকটি স্থানে গাছপালা উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল আহসান বলেন, মহাসড়কের শিবালয়ের মসুরিয়া ও ফলশাটিয়া এবং ঘিওরের পাচুরিয়া ও তরা এলাকায় কয়েকটি গাছ উপড়ে পড়ে যান চলাচল বিঘ্নিত হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ঝড়ের কারণে গতকাল বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এবং দ্বিতীয় দফায় সন্ধ্যা সোয়া সাতটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।