মানিকগঞ্জে ঝড়ে বিদ্যালয় ভবন ও ঘরবাড়ির ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় গতকাল শুক্রবার ঝড়ে দুটি গ্রামে একটি বিদ্যালয় ভবন ও কয়েকটি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
শিবালয়ের শিমুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রশিদ জানান, গতকাল বেলা তিনটার দিকে ইউনিয়নের বুতুনি গ্রামে আকস্মিকভাবে ঝড় বয়ে যায়। এতে ওই গ্রামের ১০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয় এবং কিছু গাছপালা উপড়ে পড়ে। এ ছাড়া বুতুনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা একটি ভবনের ওপর বিশাল আকৃতির কড়ইগাছ পড়ে ভবনটির অর্ধেক ধসে যায়।
ঘিওরের বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামেও একই সময় ঝড় আঘাত হানে। ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেম ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকালের ওই ঝড়ে শোলধারা গ্রামের ১০-১২টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া কয়েক শ গাছপালা উপড়ে ও ভেঙে গেছে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিভ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।