মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় যুগ আগে বন্যায় মানিকগঞ্জ সদর উপজেলার নালড়া-রামদিয়া সেতুর দুই প্রান্ত ধসে গেলেও তা এখনো সংস্কার করা হয়নি। এ কারণে সেতুর বাকি অংশও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তারপরও বিকল্প না থাকায় ওই ভঙ্গুর সেতু দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে নয় গ্রামের কয়েক হাজার মানুষ।
মানিকগঞ্জ পৌর এলাকার নয়াকান্দি থেকে কালীগঙ্গা নদীর সৃষ্ট একটি খাল পূর্ব দিক হয়ে সদর উপজেলার পালড়া এলাকায় ধলেশ্বরী নদীতে গিয়ে মিশেছে। এই খালের নালড়া এলাকায় ১৯৮৫-৮৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। এর একটি অংশ পড়েছে বেতিলা-মিতরা ইউনিয়নের নালড়ায় (সেতুর উত্তর পার) এবং অপর অংশ রামদিয়ায় (দক্ষিণ পার)। ১৯৯৮ সালের বন্যায় সেতুটির দুই প্রান্ত ধসে যায়। এরপর স্থানীয় ব্যক্তিরা ধসে যাওয়া অংশে বাঁশ দিয়ে কোনোরকমে চলাচলের ব্যবস্থা করেন। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও সেতুটি আর সংস্কার হয়নি।
সেতুর উত্তর পারে গোপালপুর, বাদুটিয়া, মালঞ্চ, নালড়া, সোনাকান্দর ও বকজুরী এবং দক্ষিণ পারে রামদিয়া, বাঙ্গরা ও বেতিলা গ্রাম। উত্তর পারে রয়েছে নালড়া-রামদিয়া জামে মসজিদ, কবরস্থান ও মাদ্রাসা। আর দক্ষিণ পারে রয়েছে বেতিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতিলা বহুমুখী উচ্চবিদ্যালয়, বেতিলা স্কুল অ্যান্ড কলেজ, বেশ কয়েকটি কিন্ডারগার্ডেনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সব কটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত ঝুঁকি নিয়ে এই ভাঙা সেতু পার হয়।
গত বুধবার সরেজমিনে দেখা যায়, সেতুর দুই প্রান্তে ধসে যাওয়া অংশে বাঁশ দিয়ে পাটাতন তৈরি করে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। ওই পাটাতন থেকে স্তম্ভগুলোও সরে গেছে। এর মধ্যেই চরম কষ্টে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছে মানুষ। কৃষক ও ব্যবসায়ীরা রিকশা ও ভ্যানে করে কৃষিপণ্য ও মালামাল পার করছেন। শিক্ষার্থীদেরও ঝুঁকি নিয়ে সেতু পার হতে দেখা গেছে।
কথা হয় বেতিলা বহুমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র রাহাত আহমেদ ও সজিব হোসেনের সঙ্গে। তারা জানায়, জন্মের পর থেকেই তারা সেতুটি ভাঙা দেখছে। তারা সাইকেল থেকে নেমে ঠেলে সেতু পার হয়।
নালড়া বাজারের রিকশা-ভ্যান মেরামতকারী মো. মানিক (৪৫) বলেন, সম্প্রতি ভ্যানে করে মালামাল নিয়ে সেতু পার হওয়ার সময় তিন ব্যক্তি নিচে পড়ে গুরুতর আহত হন।
কয়েকজন মুসল্লি জানান, সেতুর উত্তর পারে কবরস্থান, মসজিদ ও মাদ্রাসা রয়েছে। কেউ মারা গেলে লাশ দাফনের জন্য কবরস্থানে আনতে মারাত্মক সমস্যায় পড়তে হয়।
বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাসির হোসেন বলেন, সেতুটি দীর্ঘদিনেও সংস্কার না করায় পুরোটাই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কারের জন্য একাধিকবার আবেদন করেও কাজ হয়নি।
উপজেলা প্রকৌশলী মফিজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই সেতুর পাশে আরেকটি সেতু করা হবে। এ জন্য প্রাক্কলিত ব্যয় ১ কোটি ৭১ লাখ টাকা ধরা হয়েছে। কিন্তু অর্থ বরাদ্দ না থাকায় সেতুটির নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না।