মানিকগঞ্জে ঝড়ে দুজনের মৃত্যু, যান চলাচল বিঘ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল শনিবার ঝড়ের সময় একটি গাছ ভেঙে চলন্ত ট্রাকের ওপর পড়ে। এতে ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হন। এদিকে, ঝড়ের সময় সড়কের ওপর নির্মিত তোরণ ভেঙে পড়লে ঢাকার সাভার উপজেলার আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।শিবালয় থানা পুলিশ জানায়, শিবালয়ের বরঙ্গাইল থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে মহাদেবপুর এলাকায় পৌঁছালে কাঠবোঝাই ট্রাকটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। এ সময় সড়কের পাশের একটি বড় গাছ ভেঙে ট্রাকটির ওপর পড়লে চালক মুনাই (৩৮) ও তাঁর সহকারী এরশাদ (২৫) ঘটনাস্থলেই মারা যান। তাঁদের বাড়ি শিবালয়ের বোয়ালী ও উলাইল গ্রামে। হাইওয়ে পুলিশের সাভার ফাঁড়ির সার্জেন্ট মো. কামাল পাশা গতকাল রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, তোরণ ভেঙে পড়ার কারণে মহাসড়কের সাভার অংশে ঘণ্টা খানেক যানবাহন চলাচল বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে।