মানিকগঞ্জে টাকা রেখে ১০ জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ
ধামরাই উপজেলার টোপেরবাড়ি থেকে পুলিশ গত বুধবার রাতে দেড় লাখ টাকাসহ ১০ জুয়াড়িকে আটকের পর টাকা রেখে তাদের ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুল জলিল ওই গ্রামে হানা দিয়ে সোলায়মান হোসেন, ইদ্রিস আলী, শুকুর আলী, সলিমুদ্দিন, ফজল হক, দেলোয়ার হোসেন, মুশন, পরশ মিয়াসহ ১০ জুয়াড়িকে আটক করেন। এ সময় ওই কর্মকর্তা জুয়ার আসর থেকে দেড় লাখ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করেন। পরে উদ্ধার করা টাকাসহ অতিরিক্ত আরও ২০ হাজার টাকা নিয়ে গতকাল বৃস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেন।নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই অভিযোগ করেন, টোপেরবাড়ি আবাসন প্রকল্পের কাছে দীর্ঘদিন ধরে জুয়ার আসর চলে আসছিল। সেখানে পুলিশও নিয়মিত উপস্থিত থাকত। এ কারণে অভিযোগ করেও কোনো প্রতিকার পাওয়া যেত না।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বলেন, দেড় লাখ নয়, জুয়াড়িদের কাছে ১০ হাজার টাকা ছিল। জুয়া না খেলার প্রতিজ্ঞা করায় আদালতে সোপর্দ না করে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।