মানিকগঞ্জে ট্রাক উল্টে খাদে, চালক ও সহকারী নিহত
মানিকগঞ্জে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এর চালক আনিছ মিয়া (৩৫) এবং তাঁর সহকারী মহিদুল ইসলাম (৩০) নিহত হয়েছেন।
গত সোমবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী সবজিবাহী ওই ট্রাকটি তরা এলাকা রাত ১২টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত হন। তবে তাঁর সহকারী দুর্ঘটনাকবলিত ট্রাকটি থেকে লাফিয়ে নামার সময় এটির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হলে দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আনিছ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধুমুরিয়া এলাকার নূরু বক্সের ছেলে এবং মহিদুল একই উপজেলার আনন্দপুর গ্রামের রোমান মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, গতকাল মঙ্গলবার বিকেলে লাশ স্বজনেরা বাড়ি নিয়ে গেছেন।