মানিকগঞ্জে ট্রাক খাদে, নিহত ৩
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ধানবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে তিন কৃষিশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার তেওতা ইউনিয়নের চর আলোকদিয়া গ্রামের আবদুস সামাদের ছেলে ছামিদুল (৩০), জালাল মিয়ার ছেলে ছয়েরা মিয়া (৩৮) ও মৃত হবিবুর রহমানের ছেলে খলিল মিয়া (৫৫)।
নিহত ছামিদুল ও ছয়েরার লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং খলিলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান প্রথম আলোকে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, এই শ্রমিকেরা সিঙ্গাইর উপজেলার বিভিন্ন এলাকায় ধান কাটার কাজ করে আসছিলেন। তাঁরা পারিশ্রমিক হিসেবে ধান পান। আজ ভোর চারটার দিকে ভাড়া করা একটি ট্রাকে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে বাড়ি ফিরছিলেন তাঁরা। ভোর পাঁচটার দিকে ধানবোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়। ট্রাকের চাপায় হতাহতের ঘটনা ঘটে।