মানিকগঞ্জে ট্রাকচাপায় এসবির কনস্টেবল নিহত
মানিকগঞ্জ সদর উপজেলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল ট্রাকচাপায় নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম কফিল উদ্দিন (৪২)। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামে।
পুলিশ জানায়, নিহত কফিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এসবির নিরাপত্তা শাখার কনস্টেবল ছিলেন। সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি শওকত আলীর নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আজ ভোরে ঢাকা থেকে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন কফিল। সকাল আটটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় পৌঁছান তিনি। এ সময় তাঁকে বহনকারী মোটরসাইকেলটিকে সামনের দিক থেকে চাপা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন কফিল।
ওসি আমিনুর রহমান জানান, কফিলের লাশ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।