মানিকগঞ্জে ট্রাকচালক ও সহকারী খুন
বানিয়াজুরী-ঘিওর সড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া সেতুর পাশ থেকে গতকাল শনিবার সকালে এক ট্রাকচালক ও তাঁর সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। এ ব্যাপারে ঘিওর থানায় হত্যা মামলা করা হয়েছে। নিহত ট্রাকচালকের নাম জয়নাল আবেদিন (৪০)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের আবু জাফরের ছেলে। সহকারীর নাম রুবেল (২৮)। তিনি রাজধানীর মিরপুরের বাসিন্দা। বাবার নাম আবদুল কাদের। ঘিওর থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার নিজেদের দুটি ট্রাকে সাতক্ষীরা থেকে পাথর ভরে গাজীপুরের মাওনা যাওয়ার পথে রাত দুইটার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিহত জয়নাল আবেদিনের সঙ্গে তাঁর ছোট ভাই জাহাঙ্গীর হোসেনের দেখা হয়। আগে সুযোগ পেয়ে শুক্রবার ভোর চারটার দিকে জয়নাল ফেরি পার হয়ে যান। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বালিয়াখোড়া সেতুর পাশ থেকে জয়নাল ও রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।নিহত জয়নালের ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জানামতে আমার ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা ছিল না। আর ট্রাক ও মালামাল ছিনতাইয়ের জন্য তাঁদের হত্যা করা হলে মালসহ ট্রাক ফেলে যাওয়ার কথা নয়।’ এ ব্যাপারে তাঁর ভাই হারুন অর রশীদ বাদী হয়ে গতকাল ঘিওর থানায় হত্যা মামলা করেছেন বলে তিনি জানান। ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গতকাল সকাল সাড়ে সাতটার দিকে জয়নাল ও রুবেলের লাশ উদ্ধার করা হয়। তাঁদের শ্বাসরোধে অন্যত্র হত্যার পর দুর্বৃত্তরা বালিয়াখোড়ায় লাশ ফেলে রেখে যেতে পারে। তবে কী কারণে তাঁদের হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।