মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত
মানিকগঞ্জের ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আইনজীবী বজলুল হক (৬২) আজ বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় মারা গেছেন। এ ঘটনায় নূরুল হক (৬৫) নামের একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। ওই বিএনপি নেতার বাড়ি ঘিওর উপজেলা সদরের ঘিওর গ্রামে।
পুলিশ জানায়, আজ সকালে নূরুল হকসহ তিনি ঘিওর উপজেলা সদর থেকে মোটরসাইকেলে মানিকগঞ্জ জেলা শহরের দিকে যাচ্ছিলেন। নূরুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং বজলুল পেছনের আসনে বসা ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। এ সময় তাঁদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিএনপি নেতার অবস্থার অবনতি হয়। তাঁকে ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বজলুলকে মৃত ঘোষণা করেন। নূরুল হককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান সাংবাদিকদের বলেন, ওই ট্রাকটি মাটি নিয়ে পাশের একটি ইট ভাটায় যাচ্ছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।