মানিকগঞ্জে ডাকাত আতঙ্ক রাত জেগে পাহারা
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ও পুটাইল ইউনিয়নের কয়েকটি গ্রামে ডাকাত আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা। সম্প্রতি চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এসব এলাকার বাসিন্দাদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে। গত দুই মাসে দুটি ইউনিয়নে আটটি ডাকাতি ও ২০টি চুরির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৪ জন।এলাকাবাসীর অভিযোগ, মানিকগঞ্জ পৌর এলাকার পাশের ওই দুটি ইউনিয়নে সম্প্রতি চুরি-ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। অনেক ক্ষেত্রে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ তা চুরি বলে মন্তব্য করে থাকে। এ কারণে থানায় ডাকাতির মামলা নেওয়া হয় না। তবে পুলিশ বলছে, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লোকবল সংকটের কারণে নিয়মিত টহল দেওয়া সম্ভব হয় না। অনেকে চুরি হলে তা ডাকাতির ঘটনা হিসেবে নথিভুক্ত করতে চাপ দেন। এলাকাবাসী ও ভুক্তভোগীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, গত দুই মাসে ওই দুটি ইউনিয়নের বার্থা, বালিয়াবিল, চর বালিয়াবিল, নলুন্ডি ও চরগোস্তা গ্রামে কমপক্ষে আটটি ডাকাতি এবং ২০টি চুরির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। বার্থা ও চর বালিয়াবিল গ্রামে গত রোববার রাত ১১টার দিকে গিয়ে দেখা যায়, তরুণ, যুবক, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী পুরুষেরা রাত জেগে পাহারা দিচ্ছেন। তাঁদের প্রত্যেকের হাতেই বাঁশের লাঠি, গাছের ডাল, বল্লম, জুতি, কাতরাসহ বিভিন্ন ধারালো অস্ত্র। তাঁরা ২০ থেকে ২৫ জন করে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন।বার্থা গ্রামের মাতবর হবি তালুকদার এবং চর বালিয়াবিল গ্রামের লালন মিয়াসহ আরও অনেকেই জানান, ডাকাতদের কাছে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র থাকায় প্রতিহত বা আটক করা সম্ভব হয় না। পুলিশি টহলের ব্যবস্থা করা হলে ডাকাতের উৎপাত কমবে বলে তাঁরা মনে করেন।চর বালিয়াবিল গ্রামের মিজানুর রহমান জানান, প্রায় ২০ দিন আগে তাঁর বাড়িতে ডাকাতেরা হানা দিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, ৫৬ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। ডাকাতের হামলায় তাঁর মাথা ফেটে যায় এবং স্ত্রী শাহনাজ বেগমের হাত ভাঙে। একই রাতে প্রতিবেশী লালন মিয়ার বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে।স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের সদস্য মো. মনিরুজ্জামান বলেন, গত দুই মাসে ইউনিয়ন দুটিতে ১৪ জন লোক ডাকাত দলের হামলায় আহত হয়েছে। এলাকাবাসী রাত জেগে পাহারা দিলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, চুরি-ডাকাতির খবর পেলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এসব ঘটনায় ভুক্তভোগীরা অনেক সময়ই লিখিত অভিযোগ দেন না। চুরি-ডাকাতি ঠেকাতে এলাকাবাসীর সঙ্গে পুলিশও টহল দেয়।