ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে গতকাল বুধবার ট্রাক আটকের ঘটনাকে কেন্দ্র করে আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। ব্যস্ত এই মহাসড়কে আকস্মিক অবরোধের কারণে তীব্র যানজট দেখা দেয়। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে।ট্রাফিক পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশ একটি ট্রাক আটক করে থানায় নিয়ে গেছে—এমন খবর ছড়িয়ে পড়ায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ সৃষ্টি করেন ট্রাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকেরা মহাসড়কের ওপর কয়েকটি ট্রাক এলোপাতাড়ি করে ফেলে রাখেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের উভয় পাশে প্রায় ছয়-সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দিলে বিকেল পাঁচটায় আবার যান চলাচল শুরু হয়।ট্রাকশ্রমিক ও পুলিশের দেওয়া তথ্যমতে, এর আগে বেলা তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মূলজান এলাকায় একটি ট্রাক ও যাত্রীবাসের মধ্যে সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। এর প্রতিবাদে বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকশ্রমিকেরা মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবরোধ করেন।অবরোধ প্রসঙ্গে মানিকগঞ্জ ট্রাকমালিক সমিতির সভাপতি সুলতানুল আজম খান প্রথম আলোকে বলেন, ‘ভুল-বোঝাবুঝি থেকে ঘটনার সূত্রপাত। তবে বিষয়টির মীমাংসা হয়ে গেছে।’মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ‘ট্রাকশ্রমিকেরা অবরোধ শুরু করলেও পুলিশ দ্রুত বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়। এতে শ্রমিকেরা অবরোধ তুলে নেয়।’