মানিকগঞ্জে তরা সেতুর নিচ থেকে মাটি কাটা বন্ধ
মানিকগঞ্জে কালীগঙ্গা নদীর ওপর নির্মিত সেতুর নিচ থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মানিকগঞ্জ সদর উপজেলার তরা বালুমহাল ইজারা নেন। এক মাস ধরে ইজারাদারেরা নির্ধারিত সীমানার বাইরে তরা সেতুর নিচ থেকে খননযন্ত্র দিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন। এতে সেতু ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি স্থানীয় সাংসদ জাহিদ মালেকের নজরে এলে তিনি জেলা প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।সাংসদ জাহিদ মালেক প্রথম আলোকে বলেন, ‘ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘতম সেতু এটি। এই সেতু হুমকিতে ফেলে মাটি তোলা যাবে না। তাই সেতুর নিচ থেকে মাটি কাটা বন্ধ করার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।’মানিকগঞ্জ জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, সেতুর নিচ থেকে খননযন্ত্রগুলো সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইজারাদারদের নির্ধারিত স্থানের ভেতর থেকে মাটি তোলার নির্দেশ দেওয়া হয়েছে।