মানিকগঞ্জে তরুণের ১০ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পাঁচ বছরের শিশুকে বলাৎকারের দায়ে শিপন হোসেন নামের এক তরুণকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর এ সাজা দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১১ আগস্ট দুপুরে সিঙ্গাইরের টানগোপালনগর গ্রামে খেলনা গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক শিশুকে বলাৎকার করেন শিপন (২০)। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় ওই বছরের ১৮ আগস্ট শিশুটির দাদি বাদী হয়ে আদালতে মামলা করেন।

বাদীপক্ষে নিরঞ্জন বসাক ও আসামিপক্ষে আবদুর রাজ্জাক মামলাটি পরিচালনা করেন। নিরঞ্জন বসাক বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল আদালতের বিচারক আসামি শিপনের উপস্থিতিতে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সাজা দেন বিচারক।