মানিকগঞ্জে একটি বাড়ি একটি খামারসহ তিনটি প্রকল্প পরিদর্শন করেছে আরডোর ৩১টি দেশের প্রতিনিধিদল। গতকাল শনিবার এ প্রতিনিধিদলের সদস্যরা সদর উপজেলার পাঞ্জনখাড়া গ্রামে এসব প্রকল্প ঘুরে দেখেন।
গতকাল বেলা ১১টার দিকে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (আরডো) এই প্রতিনিধিদলের সদস্যরা ওই গ্রামে পৌঁছালে গ্রামবাসী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন। এরপর গ্রামবাংলার শীতের পিঠা দিয়ে তাঁদের আপ্যায়ন করা হয়।
পরিদর্শনকালে আরডোর নির্বাহী কমিটির সভাপতি ওমাদুথ জাদো এবং মহাসচিব ওয়াসফি হাসান আল শ্রিহিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এবং সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য প্রশান্ত কুমার রায়, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টের (বার্ড) মহাপরিচালক মুহাম্মদ মওদুদুর রশিদ সাফদার, একটি বাড়ি একটি খামার প্রকল্পের পরিচালক আকবর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আওয়াল, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহাদত খন্দকার প্রমুখ।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। এরপর তাঁরা একই গ্রামে সমন্বিত পানি ব্যবস্থাপনা ও বায়োগ্যাস প্ল্যান্ট প্রকল্পও ঘুরে দেখেন।