মানিকগঞ্জে তুলা কারখানায় আগুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গীতে রাইজিং স্পিনিং মিলের গুদামে গতকাল বৃহস্পতিবার আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। আগুনের ধোঁয়ায় মিলের ১০ জন কর্মচারী ও পাঁচজন অগ্নিনির্বাপণ কর্মী অসুস্থ হয়ে পড়েন।সাটুরিয়া থানার পুলিশ ও মিল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল দুপুর দেড়টার দিকে হঠাৎ করে গুদাম থেকে ধোঁয়া বের হতে থাকে। কয়েক মিনিটের মধ্যে আগুন পুড়ো গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মানিকগঞ্জ, ঘিওর, ধামরাই ও সাভার থেকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও অগ্নিনির্বাপণ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গুদামের প্রায় ১০ হাজার বেল তুলা পুড়ে যায়।কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন, গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। তাই অন্য কোনো কারণে আগুন লাগতে পারে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সুলতান রেজা বলেন, তদন্ত ছাড়া আগুন লাগার কারণ বলা যাবে না।