মানিকগঞ্জে দুই চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দুই চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা করার অভিযোগ উঠেছে। শাহেদা আক্তার নামের এক প্রসূতির স্বজনদের অভিযোগ, চিকিৎসকেরা সময়মতো ব্যবস্থা নিলে শাহেদার গর্ভের ছেলেশিশুর মৃত্যু হতো না।হরিরামপুর সদরের বাসিন্দা শাহেদার বাবা সাদেক আলী জানান, শাহেদার প্রসব বেদনা উঠলে বৃহস্পতিবার দুপুরে তাঁকে হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শাহেদাকে দেখে স্বাভাবিক প্রসব হওয়ার কথা বলে বাড়ি পাঠিয়ে দেন। রাত নয়টা পর্যন্ত প্রসব না হওয়ায় শাহেদাকে আবার ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রাতের পালার কর্তব্যরত চিকিৎসক মনজুরুল আলম তাঁর অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করান। রাত ১২টার দিকে প্রসব বেদনা ওঠে। কিন্তু ওই সময় মনজুরুল হাসপাতালে ছিলেন না।সাদেক জানান, চিকিৎসককে না পেয়ে তাঁরা কমপ্লেক্সের ভেতর অবস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইন্দ্রমোহন সূত্রধরের বাসায় যান। অনেকবার ডাকার পরও ওই চিকিৎসক ঘুম থেকে ওঠেননি। পরে হাসপাতালের সেবিকারা শাহেদাকে সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বাধ্য হয়ে অনেক কষ্টে একটি মাইক্রোবাস ভাড়া করে সকাল ছয়টার দিকে শাহেদাকে মানিকগঞ্জ মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর দেখা যায়, শাহেদার শিশুছেলে মারা গেছে।শাহেদার শাশুড়ি রেণু বেগম অভিযোগ করেন, হরিরামপুরের চিকিৎসকেরা দ্রুত ব্যবস্থা নিলে শাহেদার সন্তান মারা যেত না।চিকিৎসক মনজুরুল বলেন, প্রাথমিক অবস্থায় মনে হয়েছিল, শাহেদার স্বাভাবিক প্রসব হবে। পরে অবস্থার অবনতি দেখে তাঁকে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তিনি স্বীকার করেন, রাত ১২টার দিকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ছিলেন, তবে হাসপাতালে ছিলেন না।ইন্দ্রমোহন সূত্রধর বলেন, বিকেলের পর অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় প্রসবের রোগীদের নিয়ে সমস্যায় পড়তে হয়। এ কারণে রাত ১২টার দিকে শাহেদাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু নেওয়া হয় ভোর রাতে। এ কারণে পেটেই বাচ্চার মৃত্যু হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ তাঁর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেন তিনি।