মানিকগঞ্জে দুই বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলার বংখুড়ি ও হাটিপাড়া গ্রামে দুটি বাড়িতে গত শনিবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে। এ সময় ডাকাতদের মারধরে চার ব্যক্তি আহত হন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বংখুড়ি গ্রামের হাজি আবদুল হাকিমের বাড়িতে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে ডাকাত দল। বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ডাকাতেরা আলমারি থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩৩ হাজার টাকা লুটে নিয়ে যায়। যাওয়ার সময় ওই বাড়িতে থাকা একটি মোটরসাইকেলের চাবি চেয়ে না পেয়ে ডাকাতেরা আবদুল হাকিম ও তাঁর স্ত্রী রিজিয়া বেগমকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে। রাত দুইটার দিকে ডাকাতেরা পাশের হাটিপাড়া গ্রামের মো. আনিসের বাড়িতে গ্রিল ভেঙে ঘরের ভেতর ঢোকে। এ সময় ডাকাতেরা আনিস ও তাঁর স্ত্রীকে মারধর করে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা নিয়ে যায়।