মানিকগঞ্জে দুটি ইউপিতে ভোট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদরের গড়পাড়া ও জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের এক চিঠিতে এই তথ্য জানানো হয়। ওই ইউপি দুটিতে আওয়ামী লীগের ছাড়া কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে।
নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ আহাম্মদ খানের স্বাক্ষরিত চিঠিটি গত সোমবার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়। কী কারণে ওই দুটি ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়েছে, চিঠিতে তার উল্লেখ নেই। বিএনপির ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত এল।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গড়পাড়া, জাগীরসহ জেলা সদরের ১০টি ইউপিতে ২৮ মে ভোট হওয়ার কথা রয়েছে। এ জন্য ২২ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। গড়পাড়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আফসার উদ্দিন সরকার, বিএনপির সহিম উদ্দিন এবং স্বতন্ত্র হিসেবে সোহরাব উদ্দিন, ওসমান গণি ও নূরুল ইসলাম মনোনয়নপত্র কেনেন। আর জাগীর ইউপিতে মনোনয়নপত্র কেনেন আওয়ামী লীগের জাকির হোসেন, বিএনপির মো. সেলিম ও স্বতন্ত্র হিসেবে আইয়ুব আলী। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩ মে। এদিন পর্যন্ত গড়পাড়া ইউপিতে আফসার উদ্দিন ও জাগীর ইউপিতে জাকির হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে অন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা পড়েনি।
কার্যালয়ের একটি সূত্র জানায়, বিএনপির দুজনসহ বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানে বাধা দেওয়া হয়। কারও কারও মনোনয়নপত্র ছিঁড়ে ফেলা হয়। জেলা বিএনপির পক্ষ থেকে গত ২৮ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়। এ কারণেই ওই দুটি ইউপিতে নির্বাচন স্থগিত করা হয়ে থাকতে পারে।
এ দুটি ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ কিংবা জমাদানে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে কাল বৃহস্পতিবার ঢাকা বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মানিকগঞ্জে আসবেন বলে জানিয়েছে জেলা নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, আটটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বাকি দুটি ইউপির নির্বাচনের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।