মানিকগঞ্জে দুটি সরকারি বিদ্যালয়ের কাগজপত্র তছনছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ শহরের দুটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে হানা দিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করেছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে সরকারি বালক উচ্চবিদ্যালয় ও এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে দুই বিদ্যালয় কর্তৃপক্ষ। পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত চারটার দিকে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত সরকারি বালক উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী মহিউদ্দিনের হাত-পা বাঁধে। এরপর তারা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে ভেতরে ঢোকে। পরে আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে চলে যায়। এর আগে একইভাবে দুর্বৃত্তরা শহরের এস কে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ঢুকে আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে এবং এক সহকারী শিক্ষকের দেড় হাজার টাকা লুট করে পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, ওই দুই বিদ্যালয়ের কর্তৃপক্ষ দুটি জিডি করেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য বিদ্যালয়ে হানা দেয়।