মানিকগঞ্জে দুর্দিনে মানুষের পাশে রাজেদুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ি বাড়ি সবজি পৌঁছে মানবিক বাজার। ছবি: সংগৃহীত
বাড়ি বাড়ি সবজি পৌঁছে মানবিক বাজার। ছবি: সংগৃহীত

কোভিড ১৯-এ আক্রান্ত পৃথিবীর প্রতিটি দেশ। প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্ত মানুষ ও মৃত্যুর সংখ্যা। প্রায় প্রতিটি দেশ হঠাৎ আসা এই মহামারি থেকে রক্ষার জন্য আজ লকডাউন। এ জন্য ক্রমেই ভেঙে পড়েছে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা। ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো। কারণ এসব দেশে কোভিড-১৯-এর পাশাপাশি লকডাউনের জন্য স্থবির হয়ে পড়েছে ব্যবসায় বাণিজ্য। এ জন্য খাদ্য সংকটে বিরাট জনগোষ্ঠী।

বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা ইতিমধ্যে এই মহামারিতে আক্রান্ত। আমাদের দেশে মাত্র কয়েক দিনে আক্রান্তের সংখ্যা তিন হাজার অতিক্রম করেছে আর শয়ের কোটা পেরিয়ে গেছে মৃত্যুর সংখ্যা। দেশের শ্রমজীবী ও দিনমজুরেরা ইতিমধ্যেই পড়েছে গভীর সংকটে। কারণ প্রায় এক মাস ধরে তারা ঘরবন্দী। ফলে কোভিড-১৯-এর চেয়ে খাদ্যের ব্যবস্থা করাই তাদের কাছে বড় চ্যালেঞ্জ। এই দুর্দিনে এগিয়ে এসেছেন অনেক ব্যবসাপ্রতিষ্ঠান, রাজনীতিবিদ। এ ছাড়া ব্যক্তি উদ্যোগেও অনেকেই চেষ্টা করছেন তাদের পাশে এসে দাঁড়াতে। তাদের মতোই একজন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান শেষ করা রাজেদুল ইসলাম। যিনি ব্যক্তি উদ্যোগে নিজ জেলা মানিকগঞ্জের হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।

ইতিমধ্যে প্রায় ২০০০ নিম্ন আয়ের পরিবারের কাছে রাজেদুল পৌঁছে দিয়েছেন চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ ছাড়া মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার দিয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করে যাচ্ছেন বিভিন্ন কার্যক্রম। কোভিড-১৯ থেকে রক্ষায় সচেতনতামূলক লিফলেট নিয়ে আঞ্চলিক সহজ সরল ভাষায় বুঝিয়ে দিচ্ছেন কীভাবে এ যুদ্ধে আমরা জয়ী হব।

মানবিক বাজারের ভ্যান থেকে শাকসবজি তুলে দেওয়া হচ্ছে মানুষের কাছে। ছবি: সংগৃহীত
মানবিক বাজারের ভ্যান থেকে শাকসবজি তুলে দেওয়া হচ্ছে মানুষের কাছে। ছবি: সংগৃহীত

শুধু নিম্ন আয়ের মানুষই নয়, অনেক মধ্যবিত্ত পরিবার যাঁরা হাত পেতে খাদ্যসামগ্রী নিতে পারেন না রাজেদুল তাদের খোঁজ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন সামগ্রী দিচ্ছেন। এ ছাড়া তাঁর মুঠোফোনে ফোন দিলে বাড়িতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

মানিকগঞ্জ জেলার কয়েকটি এলাকায় রাজেদুলের উদ্যোগে মানবিক বাজারের ভ্যান বিনা মূল্যে শাকসবজি নিয়ে চলে যাচ্ছে মানুষের দোরগোড়ায়। আবার অনেক প্রবাস, যাঁরা লকডাউনের জন্য দেশে টাকা পাঠাতে পারছেন না, বিপদের দিনে তাঁদের পরিবারে তিনি নগদ টাকা, খাদ্য বা ওষুধ দিয়ে সাহায্য করছেন। শুধু নিজের জেলা নয়, রাজধানীর মিরপুর ২ নম্বরের বস্তির ৩০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

রাজেদুল খাদ্য ও মাস্ক পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। ছবি: লেখক
রাজেদুল খাদ্য ও মাস্ক পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে। ছবি: লেখক

রাজেদুল মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের বাড়ি তৈরির কাজ স্থগিত রেখে সেই অর্থ দিয়ে মানবিক বিপর্যয়ে মানুষের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছেন। রাজেদুল ইসলাম বলেন, দেশের ধনাঢ্য ব্যক্তিরা যদি দরিদ্র মানুষের পাশে দাঁড়ান তাহলে আমরা এ যুদ্ধে জয়ী হব। যত দিন এই মহামারি থাকবে, তত দিন আমরা যতটুকু সম্ভব মানুষের পাশে থেকে একসঙ্গে সব সংকট মোকাবিলা করব। 

এভাবে সবাই সামর্থ্য অনুযায়ী নিজের গ্রাম, ইউনিয়ন, উপজেলা বা জেলার নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবার যারা সত্যিকার অর্থে বিপদের সম্মুখীন, তাদের পাশে এসে দাঁড়ালে অন্তত মানুষ খাদ্যের অভাবে জীবন কাটাবে না। আর তারুণ্যের শক্তি দিয়ে আমরাই জয়ী হব।

লেখক: শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়