মানিকগঞ্জে ধর্ষণের দায়ে তিনজনের কারাদণ্ড
মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন এবং অপর দুজনের প্রত্যেককে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁদের প্রত্যেককে অর্থদণ্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার খাবাসপুর গ্রামের মো. সিকান্দার (৩৫)। আর ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন একই গ্রামের মোসলেম মোল্লা (৩৫) ও বাবুল শিকদার। রায় ঘোষণার সময় তাঁরা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৯ নভেম্বর উপজেলার নবম শ্রেণির এক স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে ওই তিন যুবক জোরপূর্বক ইঞ্জিনচালিত একটি নৌকায় করে অপহরণ করে নিয়ে যান। এরপর সিকান্দার ওই ছাত্রীকে ধর্ষণ করেন। আর মোসলেম ও বাবুল এতে সহযোগিতা করেন। এ ঘটনায় ওই ছাত্রী ওই তিন যুবককে আসামি করে সদর থানায় মামলা করে। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এ কে এম নূরুল হুদা এবং আসামিপক্ষে ছিলেন দেলোয়ার আলম খান।