মানিকগঞ্জে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
মানিকগঞ্জে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ ছাড়া ধর্ষণে সহযোগিতার দায়ে অপর দুই যুবকের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া যুবক হলেন সদর উপজেলার খাবাসপুর গ্রামের মো. সিকান্দার। ১৪ বছর করে সাজা পাওয়া যুবকেরা হলেন একই গ্রামের মোসলেম মোল্লা ও বাবুল শিকদার। তাঁদের তিনজনকে অর্থদণ্ডও করা হয়েছে। এর মধ্যে সিকান্দারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল। আর মোসলেম ও বাবুলকে ছয় হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, ২০০৫ সালের ১৯ নভেম্বর প্রাইভেট পড়তে যাওয়ার পথে নবম শ্রেণির এক ছাত্রীকে ইঞ্জিনচালিত একটি নৌকায় করে অপহরণ করে নিয়ে যান আসামিরা। এরপর আসামি সিকান্দার ওই ছাত্রীকে ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন মোসলেম ও বাবুল। এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় মামলা করে ওই ছাত্রী।