মানিকগঞ্জে নদীতে বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন
মানিকগঞ্জের কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীসহ আশপাশের বিভিন্ন জলাধারে কলকারখানা থেকে বর্জ্য ফেলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়েছে।বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সদর উপজেলার কৈতরা গ্রামের কিষানি আনোয়ারা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন বেসরকারি সংস্থা স্যাকের সভাপতি দীপক কুমার ঘোষ, সহকারী অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিকের কর্মসূচি কর্মকর্তা বিমল রায়, মাদকবিরোধী ছাত্রমঞ্চের আহ্বায়ক মো. নূরুজ্জামান, আইনজীবী সানোয়ার হোসেন, মোশাররফ হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও ঘিওর উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা থেকে নির্গত হাজার হাজার লিটার বর্জ্য প্রতিদিন পানিতে গিয়ে মিশছে। এতে কালীগঙ্গা ও ধলেশ্বরীসহ আশপাশের এলাকার জলাধারগুলো দূষিত হচ্ছে। দু-একটি কারখানায় বর্জ্য শোধনাগার প্ল্যান্ট থাকলেও খরচ বাঁচাতে সেগুলো ব্যবহার করা হয় না। বক্তারা পরিবেশ রক্ষায় ফসলি জমিতে ইটভাটা নির্মাণ, পলিথিনের ব্যবহার ও ফসলি জমি থেকে মাটি কাটা বন্ধের আহ্বান জানান। পরে তাঁরা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর একটি স্মারকলিপি দেন।যোগাযোগ করলে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী উপপরিচালক শেখ মুহামঞ্চদ নাজমুল হুদা বলেন, দূষণের হাত থেকে পরিবেশ রক্ষায় প্রতিটি ডায়িং ও ওয়াশিং কারখানায় বর্জ্য শোধনাগার প্ল্যান্ট (ইটিপি) থাকা বাধ্যতামূলক। সরেজমিনে খোঁজ নিয়ে পরিবেশদূষণকারী কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।