মানিকগঞ্জে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার
মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর উপজেলায় গতকাল শুক্রবার দুই শিশুর লাশ পুলিশ উদ্ধার করেছে। আগের দিন শিশু দুটি নিখোঁজ হয়। পুলিশের ধারণা, শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে।
নিহত দুই শিশু হলো শিবালয়ের নিহালপুর গ্রামের বাসু শেখের ছেলে সাব্বির হোসেন (৮) এবং ঘিওর উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে দুরন্ত ইসলাম (৭)। সাব্বির নিহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। আর দুরন্ত বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
শিবালয় থানার পুলিশ এবং পারিবারিক সূত্রে জানা গেছে, সাব্বির গত বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। গতকাল সকালে বাড়ির অদূরে যমুনা নদীর তীরে শিশুটির অর্ধেক বালুচাপা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গতকাল সাব্বিরের বাড়িতে গিয়ে দেখা যায়, একমাত্র শিশুসন্তানকে হারিয়ে তার মা প্রায় নির্বাক। তার বাবা বাসু শেখ স্থানীয় একটি করাতকলের কর্মচারী। তিনি বলেন, ‘আমার সাথে কারও কোনো শত্রুতা আছিল না। শিশু পোলাডার কী দোষ আছিল যে ওরে খুন করতে অইবো? আমি আমার পোলার হত্যার বিচার চাই।’
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
ঘিওর থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলতে বের হওয়া দুরন্তের লাশ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়। দুরন্তর নানা ইউনুস আলী বলেন, তাঁর জামাতা শহীদুল ইসলামের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের ইউসুফ আহম্মেদ, আনোয়ার হোসেন ও ঠান্ডু বেপারীর বিরোধ ছিল। এ নিয়ে আদালতে মামলাও চলছে। যার কারণে দুরন্তকে হত্যা করা হয়ে থাকতে পারে।
ঘিওর থানার ওসি মিজানুর রহমান বলেন, শিশুটির নানা হত্যা মামলা করেছেন।