মানিকগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার এক দিন পর মানিকগঞ্জ সদর উপজেলার বেরঘাটা গ্রাম থেকে গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ শাকিল হোসেন (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে। শাকিল সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের ওই গ্রামেরই রাজমিস্ত্রি শাহ আলমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় শাকিল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। গতকাল বিকেলে বেরঘাটা গ্রামের এক ভুট্টাখেতে শাকিলের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। শাকিলের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।পুলিশ জানায়, লাশের গলায় গামছা পেঁচানো ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, শাকিলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। শাকিলের পরিবারের বরাত দিয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, বাবা শাহ আলম রাজমিস্ত্রির কাজ করেন। শাকিল তার বাবার সঙ্গে একই কাজ করত।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক মামুন প্রথম আলোকে বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।