মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ
মানিকগঞ্জে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন নগরবাসী। গতকাল সোমবার জেলা শহরে নিরবচ্ছিন্ন গ্যাসপ্রাপ্তি নাগরিক সংগ্রাম কমিটির ব্যানারে এসব কর্মসূচি পালন করা হয়।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এক বছর ধরে শহর ও পৌর এলাকায় তীব্র গ্যাস-সংকট বিরাজ করছে। গতকাল বেলা ১১টার দিকে গ্যাস সরবরাহের দাবিতে শহরের কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক বিপ্লবী সংঘের (সাবিস) মিলনায়তনে সমাবেশের আয়োজন করা হয়। এরপর শহরের শহীদ রফিক সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে গঙ্গাধরপট্টি, লওখন্ড, পোড়রা, বান্দুটিয়া, সেওতা, বেউথা, দাশড়া, ভুলজয়রা, মানরা ও খালপাড় এলাকার কয়েক শ ভুক্তভোগী নাগরিক অংশ নেন। এরপর তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক সংগ্রাম কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা। বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি ইকবাল হোসেন খান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি হায়দার আলী, মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর করবী আহম্মেদ, নারীনেত্রী ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি জেলায় বেশ কয়েকটি কলকারখানা গড়ে উঠেছে। এক শ্রেণির অসাধু সিএনজিপাম্প মালিক সিলিন্ডারে করে এসব কারখানায় অবৈধভাবে গ্যাস বিক্রি করছেন। এ ছাড়া তিতাস গ্যাসের কর্মকর্তারাও অবৈধভাবে ওই সব কারখানায় গ্যাস সরবরাহ করছেন। গ্যাসস্বল্পতার কারণে দিনে এক বেলা রান্না করতে হচ্ছে। প্রতিদিন সকাল, দুপুর ও রাতে অন্তত ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
কামরুল হুদা বলেন, প্রতিদিন ভোর পাঁচটা থেকে রাত ১০ পর্যন্ত গ্যাস থাকে না। বাকি সময়টুকু গ্যাস থাকলেও চাপ একেবারেই কম থাকে। বিষয়টি একাধিকবার তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। চরম দুর্ভোগের কারণেই মানুষ আন্দোলনে নেমেছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, ‘গ্যাস-সংকটে আমার পরিবারও ভুক্তভোগী। এ সমস্যার সমাধানে তিতাস গ্যাসের বিতরণ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মানিকগঞ্জের কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, মানিকগঞ্জে ১৫ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও প্রয়োজনের তুলনায় কম সরবরাহ করা হয়ে থাকে।