মানিকগঞ্জে নির্মিত হয়নি তারেক-মিশুক স্মৃতিস্তম্ভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ছয় বছর পার হয়ে গেছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবি জানিয়ে আসছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কিন্তু এত দিনেও সরকারের পক্ষ থেকে এ দাবি পূরণ করা হয়নি।
২০১১ সালের ১৩ আগস্ট চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বেপরোয়া গতির বাস ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় তারেক মাসুদ ও মিশুক মুনীরদের বহনকারী মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। নিহত অন্য তিনজন হলেন মাইক্রোবাসটির চালক মোস্তাফিজুর রহমান, চলচ্চিত্র প্রোডাকশন সহকারী ওয়াসিম হোসেন ও জামাল হোসেন। এ ছাড়া আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী দিলারা বেগম। তাঁরা কাগজের ফুল ছবির শুটিং স্পট দেখে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে থেকে ঢাকায় ফিরছিলেন।
দুর্ঘটনার পর তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট, মানিকগঞ্জ প্রেসক্লাব এবং প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি তোলে। এরপর ছয় বছর পার হয়ে গেল। কিন্তু স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ২০১২ সালের আগস্ট মাসে ইটের গাঁথুনি দিয়ে নিহত পাঁচজনের একটি নামফলক স্থাপন করে। ফলকটি অযত্ন আর অবহেলা পড়ে আছে।
তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘আজ পর্যন্ত স্মৃতিস্তম্ভ নির্মিত হয়নি, এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য আজহারুল ইসলাম বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর কোনো সাধারণ মানুষ নন। চলচ্চিত্র ও সাংবাদিকতার অঙ্গনে তাঁরা বাংলাদেশকে বিশ্বদরবারে তুলে ধরেছেন। তাঁদের সম্মানে দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ না হওয়াটা আমাদের জন্য লজ্জাজনকই নয়, কষ্টকরও।’
স্থানীয় সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায় বলেন, মানববন্ধন, সভা-সমাবেশ করে দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানানো হয়। সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীরের মতো গুণী ব্যক্তিরা বেঁচে থাকলে আমাদের দেশের জন্য আরও ভালো কিছু উপহার দিতে পারতেন। এসব ব্যক্তির স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ হতে পারত। কিন্তু কোনো পক্ষ থেকে এ বিষয়ে লিখিত কোনো আবেদন করা হয়নি। এ কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। কেউ আবেদন করলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে বরাদ্দ চাওয়া হবে। বরাদ্দ পাওয়ার পর স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যবস্থা নেওয়া হবে।’