মানিকগঞ্জে পরিবহন শ্রমিকনেতার বিরুদ্ধে মামলা, মহাসড়ক অবরোধের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুমকি দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। গতকাল বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। একই দাবিতে শ্রমিকেরা মানিকগঞ্জ শহরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, মঙ্গলবার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকারসহ ১৪ জন শ্রমিকের নাম উল্লেখ করে মানিকগঞ্জ সদর থানায় যে মামলা হয়েছে, তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। ২৪ ঘণ্টার মধ্যে ওই মামলা প্রত্যাহার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. নান্নু মিয়া, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সরকার, জেলা ট্রাকচালক সহকারী ইউনিয়নের সভাপতি লিয়াকত হোসেন ও জেলা মিনিবাস মালিক সমিতির সভপতি কাজী টিপু।