মানিকগঞ্জে পাঁচ শাখা নদ-নদীর অস্তিত্ব নেই

মানিকগঞ্জে পাঁচটি শাখা নদ-নদীর এখন আর অস্তিত্ব নেই। এ ছাড়া খননের অভাব এবং দখল ও দূষণের কারণে আরও তিনটি নদীর অস্তিত্ব সংকটে পড়েছে। এতে আশপাশের পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের বৃহৎ পদ্মা ও যমুনা নদী মানিকগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্ষা মৌসুমে এ নদী দুটিতে পানি থাকলেও বছরের অন্যান্য সময় নদীর বুকে বিশাল চর জাগে। এ ছাড়া জেলায় প্রবহমান ছিল শাখা নদ-নদী ধলেশ্বরী, ইছামতী, কালীগঙ্গা, কান্তাবতী, মনলোকহানী, ক্ষীরাই, মন্দা ও ভুবনেশ্বর। দীর্ঘদিন আগেই পানিশূন্য হয়ে কান্তাবতী, মনলোকহানী, ক্ষীরাই, মন্দা ও ভুবনেশ্বরের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এ ছাড়া ধলেশ্বরী, ইছামতী ও গাজীখালী নদী অস্তিত্বসংকটের মধ্যে আছে। জেলায় ৪২টি খাল-বিল ও দুই শতাধিক জলাশয় শুকিয়ে বিপন্ন হওয়ার পথে।
মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী এলাকায় ধলেশ্বরীর উৎসমুখে পলি পড়ে এবং দখল ও দূষণের কারণে এটি অস্তিত্বসংকটে পড়েছে। এ ছাড়া সাটুরিয়া উপজেলায় গাজীখালী ও শিবালয়ে ইছামতীতে বছরের অধিকাংশ সময় পানি না থাকায় এ দুটি নদীর অবস্থাও সংকটাপন্ন। বর্ষা ছাড়া বছরের অধিকাংশ সময় পানি না থাকায় নদীগুলোর বুকে চর পড়েছে। এসব নদীর কোথাও কোথাও ফসলের আবাদ করা হচ্ছে।
জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলার মধ্য দিয়ে পদ্মা ও যমুনা ছাড়াও ধলেশ্বরী, কালীগঙ্গা, ইছামতী নদী প্রবহমান। এ জেলায় প্রবহমান সব নদীর দৈর্ঘ্য প্রায় ২৪১ কিলোমিটার। কিন্তু নাব্যতা হারানো এসব নদীর আকার ও আয়তন হ্রাস পাচ্ছে। বদলে যাচ্ছে নদীর গতিসীমা।
ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আজহারুল ইসলাম বলেন, সত্তরের দশকেও এ নদীতে বড় বড় নৌকা চলত। এ নদীর পানি গৃহস্থালি ও সেচকাজে ব্যবহৃত হতো। কিন্তু এখন তা শুধুই স্মৃতি। ইতিমধ্যে আশপাশের বিভিন্ন কারখানার তরল বর্জ্যে এ নদীর পানি বিষাক্ত হয়ে মাছ মারা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নদীর তীরবর্তী অধিকাংশ গরিব চাষি আগে এসব নদী থেকে পানি তুলে জমিতে সেচ দিতেন। নদীগুলো মরে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে। এতে মারাত্মক সেচ-সংকটে পড়েছেন কৃষকেরা। কৃষি মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি নদ-নদীকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা।
রোববার সরেজমিনে দেখা যায়, জাগীর মেঘশিমুল এলাকায় পাশের একটি কারখানার বর্জ্য ধলেশ্বরী নদীর পানিতে গিয়ে মিশেছে। সেখান থেকে আধা কিলোমিটার দূরে নদীর ওপর কাঁচা রাস্তা তৈরি করা হয়েছে। ওই রাস্তা দিয়ে মানুষজন চলাচল করছে।
বারসিকের জেলার সমন্বয়কারী কর্মকর্তা বিমল রায় বলেন, নদী প্রাণ-প্রকৃতি ও পরিবেশ বাঁচায়। সেই নদী এখন নানা কারণে হারিয়ে যাচ্ছে। নদী রক্ষা না হলে প্রাণ-প্রকৃতি রক্ষা পাবে না। আর প্রাণ-প্রকৃতি রক্ষা না হলে পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে না।
পরিবেশবিদ দীপক কুমার ঘোষ বলেন, জেলায় নদ-নদীতে পানি না থাকায় পরিবেশ ও প্রতিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। প্রাকৃতিক সেচকাজের পরিবর্তে কৃষকেরা বৈদ্যুতিক সেচকাজের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তা ছাড়া দিন দিন এখানকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী, খালবিল ও অন্য জলাধারগুলোতে পানির ব্যবস্থা রাখতে হবে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, সাটুরিয়ার তিল্লী এলাকায় ধলেশ্বরীর উৎসমুখ পলি পড়ে ভরাট হয়ে এ নদীর পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এ নদীর পানিপ্রবাহ নিশ্চিত করতে টাঙ্গাইল ও মানিকগঞ্জ পাউবোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। টাঙ্গাইলের নাগরপুর থেকে তিল্লী পর্যন্ত এ নদীর অংশও খনন করা প্রয়োজন।