মানিকগঞ্জে পাটের ভালো দাম না পেয়ে হতাশ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে পাটের আবাদ ভালো হলেও আশানুরূপ দাম না পেয়ে হতাশ কৃষকেরা। দুই বছর পাটের দাম ভালো পেলেও এ বছর তাঁদের উৎপাদন খরচই উঠছে না। অনেকে জানিয়েছেন, পাটের পরিবর্তে আগামী বছর তাঁরা অন্য ফসলের আবাদ করবেন।গত মঙ্গল ও বুধবার বিভিন্ন হাট এবং এলাকায় গিয়ে কৃষকের সঙ্গে কথা বলে এ হতাশার কথা জানা যায়। কৃষকেরা জানান, সার, বীজ ও শ্রমিক খরচ মিটিয়ে পাট চাষে এ বছর তাঁরা লোকসান গুনছেন। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় পাটের আবাদ তুলনামূলক কম হয়েছে। গত বছর এই জেলায় আট হাজার ৩৮০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল এবং উৎপাদিত হয়েছে ৭৭ হাজার ২৩২ বেল (পাঁচ মণে এক বেল)। এ বছর আবাদ করা হয়েছে ছয় হাজার হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার বেল।জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, পাটের ভালো দাম না পাওয়ায় তাঁরা পড়েছেন বিপাকে। অনেকে জানিয়েছেন, উৎপাদন খরচ মিটিয়ে আশানুরূপ দাম না পাওয়ায় ভবিষ্যতে বাধ্য হয়ে তাঁদের পাট চাষ ছেড়ে দিতে হবে। কৃষকেরা জানান, গত বছর পাটের বাজারমূল্য ভালো থাকায় তাঁরা কিছুটা লাভবান হয়েছিলেন। কিন্তু এ বছর লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও ওঠেনি তাঁদের। সাটুরিয়া উপজেলার গোপালনগর গ্রামের কৃষক হাফিজ উদ্দিন তিন বিঘা, খলিলাবাদ গ্রামের ইউসুফ আলী তিন বিঘা ও কড়াইল গ্রামের আবদুল করিম পাঁচ বিঘা জমিতে পাটের আবাদ করেন। তাঁরা জানান, এ বছর প্রতি বিঘা জমিতে পাটের আবাদ করতে বীজ, সার, কীটনাশক, মজুর, পাট ধোয়াসহ খরচ হয়েছে ১৪ থেকে ১৫ হাজার টাকা। প্রতি বিঘায় উৎপাদিত হয়েছে ছয় থেকে সাত মণ। পাটের বর্তমান বাজারদর মণপ্রতি এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা। এতে উৎপাদন খরচও উঠছে না। পাটের বাজারদর যদি এ রকম থাকে, তা হলে আগামী বছর তাঁরা পাটের পরিবর্তে অন্য ফসলের আবাদ করবেন। শিবালয় উপজেলার বেজপাড়া গ্রামের চিত্তচন্দ্র ভক্ত, বুতুনী গ্রামের আমিনুল ইসলাম এবং সদর উপজেলার দীঘি গ্রামের হামেদ আলী ও সামছুল আলম জানান, খাল-বিলে পানিসংকটের কারণে পাট জাগ দিতে সমস্যায় পড়তে হচ্ছে। ফলে আবাদ ভালো হলেও জাগের কারণে পাটের মান অনেকটা কমে যাচ্ছে। এদিকে কৃষকেরা লোকসান গুনলেও লাভবান হচ্ছেন পাট ব্যবসায়ীরা। মঙ্গলবার সদর উপজেলার তরা হাটে গিয়ে কথা হয় পাট ব্যবসায়ী সঞ্জয় কুমার মণ্ডলের সঙ্গে। তিনি জানান, প্রতি মণ তোষা পাট এক হাজার ২০০ টাকা দরে কিনছেন তিনি। আর বিক্রি করছেন এক হাজার ২৫০ থেকে দেড় হাজার টাকা দরে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মামুন-উর-রশিদ প্রথম আলোকে জানান, আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা কমে যাওয়ায় এ বছর পাটের দাম তুলনামূলক কিছুটা কম। তবে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু এবং আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বাড়লে এ সমস্যার অনেকটাই কেটে যাবে।