মানিকগঞ্জে পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মানিকগঞ্জে মো. শাহজাহান নামে ট্রাফিক পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার শাহজাহানের বিরুদ্ধে জেলার বিচারিক হাকিমের আদালতের পত্রবাহক (প্রসেস সার্ভার) মো. আল-আমিন অভিযোগ দায়ের করলে বিচারক মো. আজাদুর রহমান শেখ এই আদেশ দেন।
মো. আল-আমিন জানান, গত শুক্রবার সকাল নয়টার দিকে শহরের বেউথা এলাকা দিয়ে তিনি মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় তা থামানোর সংকেত দেন কনস্টেবল শাহজাহান। কিন্তু মোটরসাইকেল থামাতে দেরি হওয়ায় তাঁকে শাহজাহান মারধর করেন ও তাঁর কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেন। এ ছাড়া শাহজাহান তাঁর কাছে থাকা আদালতের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মোটরসাইকেলের কাগজপত্র ছিঁড়ে ফেলেন। এমনকি তাঁর কাছে ২০ হাজার টাকা উৎকোচ দাবি করেন শাহজাহান। অন্যথায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেন শাহজাহান।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে শাহজাহান মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না।