মানিকগঞ্জে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার মানিকগঞ্জে ছাত্রদল, যুবদল ও বিএনপির একাংশের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩০ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক করা হয়েছে।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও বিএনপির নেতা-কর্মী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক সাংসদ হারুন-অর-রশিদ খান ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের আস্থাভাজন ছাত্রদলের নেতা-কর্মীরা গতকাল পৃথক অনুষ্ঠানের আয়োজন করেন। দেলোয়ার হোসেনের সমর্থকেরা দুপুর একটার দিকে আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে অপর পক্ষের সঙ্গে ঝামেলা হতে পারে, এমন আশঙ্কায় পুলিশ মিছিলকারীদের সামনে না যাওয়ার অনুরোধ করে। এর পরও নেতা-কর্মীরা সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ বেধে যায়।সংঘর্ষ চলাকালে নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যানসহ কয়েকটি দোকানে ভাঙচুর করেন। সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহেরসহ অন্তত ৩০ জন আহত হন। পরে এক সংবাদ সম্মেলন করে বিএনপির নেতারা পুলিশের হামলাকে উসকানিমূলক বলে মন্তব্য করে এক সপ্তাহের মধ্যে সদর থানার ওসি আবু তাহেরকে প্রত্যাহারের দাবি জানান।এ ব্যাপারে ওসি আবু তাহের প্রথম আলোকে বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে মিছিল না করার অনুরোধ জানানো হয়। কিন্তু নেতা-কর্মীরা মারমুখী হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি শান্ত করতে লাঠিপেটা করা হয়। তিনি ছাত্রদলের ১৮ জন নেতা-কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন বলেন, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।