মানিকগঞ্জে পুড়ে গেছে সিগারেটের ফিল্টারের স্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে সিগারেটের ফিল্টারের স্তূপ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও মালিক সূত্রে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের চরখণ্ড গোলড়া এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর কারখানার পাশে একটি গুদাম ভাড়া নিয়ে সিগারেটের ফিল্টারের ব্যবসা করতেন স্থানীয় কয়েকজন যুবক। গতকাল বেলা একটার দিকে ওই গুদামের পাশে খালি জায়গায় বস্তায় ভরে স্তূপ করে রাখা এসব ফিল্টারে আগুন ধরে যায়। খবর পেয়ে বেলা দেড়টার দিকে মানিকগঞ্জ ও ঢাকার ধামরাই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে শুরু করে। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফিল্টার ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেনারেটরের গরম হাওয়া থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।
গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।