মানিকগঞ্জে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ অর্ধশত
পূজার প্রসাদ খেয়ে গতকাল বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামে নারী ও শিশুসহ ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যায় কৈট্টা গ্রামের সুকুমার ভৌমিকের বাড়িতে নারায়ণ পূজা হয়। পূজায় কাঁচা দুধ, আটা, কলা ও গুড় দিয়ে প্রসাদ তৈরি করা হয়। সন্ধ্যার দিকে গ্রামের প্রায় শতাধিক নারী, পুরুষ ও শিশু ওই প্রসাদ খায়। রাত আটটার পর এসব লোকজন একের পর এক অসুস্থ হয়ে পড়ে।প্রচণ্ড বমির সঙ্গে পেট ব্যথায় অস্থিরতা বোধ করতে থাকে অমিত রায় (৮), সংগ্রামী রায় (১৪), লক্ষ্মী সাহা (৩৮), রেনু সাহা (৬০), রানী সাহা (১৪), বিমল সাহা (৬২), প্রশান্ত দাশসহ (৩) অর্ধশত লোক। এদের মধ্যে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৩০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মানিকগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক রেজাউল হোসেন জানান, প্রসাদে বিষ ক্রিয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়ে।