মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
মানিকগঞ্জে পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার ঘোস্তা গ্রামের জয়নাল মিয়ার ছেলে আবদুল আলিম (৩২), দৌলতপুর উপজেলার আন্দিবাড়ী গ্রামের মাহাম উদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম (৫৫) ও নওগাঁর পত্নীতলা উপজেলার কাঁচবাড়ি গ্রামের হযরত আলীর ছেলে আবদুল মমিন (২৮)।
পারিবারিক সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে সদর উপজেলার ধলাই এলাকায় মানিকগঞ্জ-হরিরামপুর সড়কে একটি সেতুর ঢালে উঠতে গিয়ে শ্যালোইঞ্জিনচালিত মালবাহী ট্রলিচালক আলিমকে অপর একটি ট্রলি চাপা দেয়। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
গতকাল বেলা দুইটার দিকে সিঙ্গাইরের দাশেরহাটি এলাকায় ট্রলিচালক মমিন একটি কারখানায় মাটি ফেলার পর সড়কে উঠতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। ট্রলিটি খাদে পড়লে চালক নিচেই চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এর আগে বুধবার রাত নয়টার দিকে দৌলতপুরের আন্দিবাড়ী-নিরালী সড়কের নিরালী সেতুর ঢালে একটি ঘোড়ার গাড়ির নিচে চাপা পড়ে রওশন আরা নিহত হন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান, দৌলতপুর থানার ওসি শওকত আলম ও সিঙ্গাইর থানার ওসি লিয়াকত আলী এসব দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।