মানিকগঞ্জে পৃথক মামলায় দুই তরুণের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে দুটি মামলায় দুই তরুণকে পৃথক মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত তরুণেরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সিংরাইস গ্রামের নাছির উদ্দিন (৩০) ও মানিকগঞ্জ সদর উপজেলার দিঘুলীয়া গ্রামের মো. সুমন (২৮)। এর মধ্যে এক শিশুকে অপহরণের দায়ে নাছিরকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সুমনকে যাবজ্জীবন সাজা ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছরের দণ্ডাদেশ দেওয়া হয়।

আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৭ অক্টোবর সিঙ্গাইর উপজেলার বাস্তা গ্রামের একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীকে (৮) অপহরণ করা হয়। এ ঘটনায় শিশুটির নানি নাছির উদ্দিনকে আসামি করে থানায় মামলা করেন। এই মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এদিকে ২০১০ সালের ২২ আগস্ট সাটুরিয়া উপজেলায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। ছাত্রীর পরিবার ধর্ষণের অভিযোগে সুমনের বিরুদ্ধে থানায় মামলা করে। এই মামলায় চারজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষে মামলা দুটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) নূরুল হুদা। তিনি বলেন, প্রায় তিন মাস কারাগারে থাকার পর জামিন পেয়ে নাছির পলাতক রয়েছেন। সুমন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।